রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যাকাণ্ড নিয়ে চলমান অভিযান বন্ধে নতুন করে নাশকতার পরিকল্পনা করেছে রোহিঙ্গা দুর্বৃত্তরা। উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পে বড় ধরনের অগ্নিসংযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে রোহিঙ্গাদের একটি নির্ভরযোগ্য সূত্র।
সূত্রটির দাবি, কথিত আরসাসহ রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসীদের ধরতে যে অভিযান চালানো হচ্ছে এটি বন্ধে করণীয় নির্ধারণে একাধিকবার গোপন বৈঠকে মিলিত হয় ক্যাম্পে অরাজকতা সৃষ্টিকারী দুর্বৃত্তরা। বৈঠকে বৃষ্টি থেমে গেলে কুতুপালং ও বালুখালী ক্যাম্পসহ ঘনবসতি থাকা ক্যাম্পগুলোতে একযোগে অগ্নিসংযোগ করার পরিকল্পা করা হয়। ক্যাম্পে অগ্নিসংযোগের বিষয়ে সজাগ থাকতে ইতিমধ্যে রোহিঙ্গাদের পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে সর্তক বার্তা প্রচার করা হচ্ছে।
তথ্যের সত্যত্য স্বীকার করে ক্যাম্পে কর্মরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. নাঈমুল হক বলেন, আমরাও একই ধরনের তথ্য পেয়েছি। কোনোভাবে যেন দুষ্কৃতকারীরা ক্যাম্পে নাশকতা করতে না পারে এজন্য সজাগ দৃষ্টি রাখা হয়েছে। তিনি আরো বলেন, ক্যাম্প থেকে সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এর মধ্যে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া সন্দেহভাজন পাঁচ আসামির কাছ থেকে খুনিদের ব্যাপারে অনেক তথ্য পাওয়া গেছে।