সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
সোনাতলায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বগুড়া জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. মিনহাদুজ্জামান লিটন গতকাল বুধবার মনোনয়নপত্র গ্রহণ করেন।
তিনি বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের শ্যালক। মনোনয়নপত্র গ্রহণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড ও মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসিম কুমার জৈন নতুন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়নপত্র গ্রহণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ নজবুল হকের ছোট ভাই আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মেজবাউল হক জুলু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী রুম্পা। সোনাতলা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলমগীরের কাছ থেকে তারা মনোনয়নপত্র গ্রহণ করেন।
আওয়ামী লীগ নেতা আকতারুজ্জামন বাবু, আঞ্জুমান আরা বেগম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজার রহমান শিপলু এ সময় উপস্থিত ছিলেন।
এ পর্যন্ত এই তিন পদের বিপরীতে তিনজন পদপ্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন।