মনোনয়ন নিয়ে বাড়ি ফেরা হলো না আওয়ামী লীগ নেতার

স্টাফ রিপোর্টার, বগুড়া

দলীয় মনোনয়ন নিয়ে বাড়ি ফেরা হলো না বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচএম আযম খানের। উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র হাতে নিয়ে বাড়ি ফেরার সময় মঙ্গলবার ভোরে স্ট্রোক করে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে এক ছেলে এবং নাতি-নাতনি রেখে গেছেন।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, দুই দিন আগে দলীয় মনোনয়ন নিতে ঢাকায় যান আযম খান। মনোনয়নপত্র হাতে পেয়ে সোমবার গভীর রাতে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। মঙ্গলবার ভোর ৬টার দিকে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় নামার পরেই স্ট্রোক করেন আযম খান। সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়লে তার নাক এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

বগুড়া জেলা পরিষদ সদস্য আযম খান গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আযম খান মৃত্যুর পূর্ব পর্যন্ত বগুড়া থিয়েটারের সভাপতি ছিলেন।

মরহুম আযম খানের মেয়ের জামাই রফি নেওয়াজ খান রবিন জানান, তার শ্বশুর ঢাকা থেকে ট্রেনে মঙ্গলবার সকালে বগুড়ায় আসেন। সকাল ৭টার কিছু পরে তিনি বগুড়া রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে সাতমাথার দিকে আসছিলেন। কিছুক্ষণ পর তিনি রিকশায় ওঠেন। তবে বিআরটিসি মার্কেটের কাছাকাছি এলাকায় আসার পর তিনি অসুস্থতা অনুভব করেন। তখন আযম খান তার গ্রামের পরিচিত এক ফল ব্যবসায়ীকে ডেকে তার অসুস্থতার কথা বলেন। এরপর দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।