ফরিদপুরে দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তা শামসুর রহমানের জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের হাকিম মো. মতিয়ার রহমান এ রায় দেন। তবে মামলার আসামি ওই ব্যাংক কর্মকর্তা পলাতক।

তিনি ইসলামী ব্যাংক লি. এর শরীয়তপুরের ডামুড্যা উপজেলা শাখায় সহকারী কর্মকর্তা কাম ক্যাশ পদে কর্মরত ছিলেন। মামলা হওয়ার পর শামসুর রহমানের চাকরি চলে যায় এবং তিনি আত্মগোপন করেন। দুদকের পিপি মো. মজিবুর রহমান জানান, বুধবার আদালত দুটি ধারায় শামসুর রহমানকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও আর্থিক দ্ল দেন। ১৮৬০ সালের দন্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করে শামসুর রহমানকে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫ বছর স্বশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।