সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে

হিন্দুদের ওপর সহিংসতার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে। যা তাদের ভীতি, নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এটা সংবিধান পরিপন্থি। স্বাধীনতার পর থেকেই রাষ্ট্র সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে নেতৃবৃন্দ একথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঙ্কজ ভট্টাচার্য। বিভিন্ন হামলার স্থান পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সুপ্রীম কোটের আইনজীবী সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য এস এম এ সবুর, আব্দুল মানুয়েম নেহেরু, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, শ্রমিক নেতা আব্দুল ওয়াহেদ, ঢাকা মহানগর সদস্য সচিব জাহাঙ্গীর আলম ফজলু, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের এম এ রব,  ছাত্রনেতা গৌতম শীল প্রমুখ। সভার ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট পারভেজ হাসেম। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।