সংবাদ সংক্ষেপ

কালকিনিতে জাটকা জব্দ ও চারজনকে জরিমানা

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা কালকিনি উপজেলায় প্রায় ৫১মণ জাটকা জব্দ করেছে মাদারীপুর র্যাব-৮। এসময় চারজনকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর র্যাব-এর এএসপি দেবাশীষ কর্মকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫১মণ জাটকা জব্দসহ চারজনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের মাধ্যমে আটককৃতদের ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় বিতরণ করা হয়।

পাটগ্রামে ছিটমহলের নারীদের উন্নয়নে আইটি প্রশিক্ষণ

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার পাটগ্রাম উপজেলার ৫৫টি অধুনালুপ্ত ছিটমহলের নারীদের জন্য ইউনিয়ন পর্যায়ে বেসিক আইটি-আইসিটি লিটারেসি, তথ্য কম্পিউটার প্রশিক্ষণ ও নারীর জীবনমান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।  এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আহসান হাবিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমীন ভুঁইয়া, নিওসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা নূর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকী, ছিটমহলের বাসিন্দা সোহানা আকতার ও মাসুমা আকতার। এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম।

ঝালকাঠি জেলা তথ্য অফিস-এর রাজাপুরে প্রেস ব্রিফিং

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে ঝালকাঠির রাজাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছেন ঝালকাঠি জেলা তথ্য অফিস। বুধবার সকালে এ প্রেস ব্রিফিংয়ে আলোচনা করেন, ঝালকাঠি জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আঃ আউয়াল গাজীসহ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক ক্লাবের সদস্যরা। তিনি প্রেস ব্রিফিং-এর মাধ্যমে সরকারের বিভিন্ন নীতিমালা এবং বিভিন্ন সেক্টরে সরকারের সফলতা বিষয়ে জনগণকে অবহিতকরণসহ এলাকায় জনসাধারণের মাঝে তুলে ধরার জন্য জেলা তথ্য অফিস প্রচার কাজ বাস্তবায়ন করে আসছে বলে তিনি উল্লে­খ করেন।

আগৈলঝাড়ায়  বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ মানহীন পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিম্নমানের খাদ্য উত্পাদনের অভিযোগে আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় বুধবার দুপুরে উপজেলার গৈলা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার। অভিযানে ভোক্তা অধিকার আইনে রুবেল জমাদারের মডার্ন বেকারিকে ৭ হাজার টাকা, গোসাই দাসের শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডারে ৭ হাজার টাকা, সাদিয়া কসমেটিক্স-এর মালিক রুবেল সরদারকে ৩ হাজার টাকা, অপর কসমেটিক্স দোকানের মালিক নুরুল ইসলামকে ৩ হাজার টাকা ও মুদি দোকানি আ. হক সরদারের কাছ থেকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণ

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ক্যাম্পাসে একটি র্যালিতে ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, বাংলা বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা অংশ নেন। ছাত্রীরা বাসন্তী শাড়ির সঙ্গে বর্ণিল সাজে সেজে ক্যাম্পাসে আসেন। এ ছাড়া ছাত্ররাও ঋতুরাজের মোহনীয় সাজে সেজেছিলেন।

হক্কোননূর দরবারের ওরস শরীফ আজ শুরু

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা শৌলজালিয়া হক্কোননূর ওরস শরীফ আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। গাউছোল আজম হযরত মাওলানা শাহ ছুফি নফিছুর রহমান হক্কোননূরী (রঃ) তিন দিনব্যাপী হক্কোননূর দরবারের পীর সাহেব মঞ্জিল মোর্সেদ দেশি-বিদেশি ভক্তবৃন্দকে ১০০তম ওরস শরীফে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। ওরস শরীফ চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের প্রশিক্ষণ ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্প শুরু আজ বৃহস্পতিবার। জেলা শহরে তিতাস নদীর পূর্বপাড় সীতানগরে ছবি আঁকা, গান, আবৃত্তি ও ফটোগ্রাফি বিষয়ক এই ক্যাম্পে প্রায় ২’শ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক নিয়াজ মোঃ খান বিটু। এতে প্রশিক্ষণ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চারুকলার চিত্রশিল্পীরা।

ময়মনসিংহে ডিভিশনাল লেভেল ওয়ার্কশপ

অন একসেস টু ফিন্যান্স

ময়মনসিংহ প্রতিনিধি গতকাল বুধবার ময়মনসিংহে ব্র্যাকের উদ্যোগে ডিভিশনাল লেভেল ওয়ার্কশপ অন একসেস টু ফিন্যান্স অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রোগ্রেস আয়োজিত এ ওয়ার্কশপে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ বিভাগের জেনারেল ম্যানেজার কাজী আকতারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাম্মত্ সেতেরা খাতুন, প্রোগ্রেস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জায়েদ উন-নবী, টেনিক্যাল ম্যানেজার সোহেল রানা, মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট রক্ষিত ভট্টাচার্য, ব্যাংকের জেলা প্রতিনিধি ফারহানা মিল্কিসহ বিভিন্ন ব্যাংক কর্মকর্তাসহ বাংলাদেশ হালকা প্রকৌশল শিল্প মালিক সমিতির সদস্যগণ।

নেত্রকোনা সরকারি কলেজে পিঠা উত্সব

নেত্রকোনা প্রতিনিধি ঋতুরাজ বসন্তের আগমন উপলক্ষে নেত্রকোনা সরকারি মহিলা কলেজে গতকাল বুধবার দিনব্যাপী পিঠা উত্সব, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল বাতেনের সভাপতিত্বে এ পিঠা উত্সব উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এতে আলোচনা করেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক শামসুন্নাহার খানম এবং জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল।

কলমাকান্দায় বসন্ত উত্সব পালিত

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দা উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর উদ্যোগে পহেলা ফাগুন বসন্ত উত্সব উপলক্ষে বিশাল র্যালি কলমাকান্দা সদর রাস্তা প্রদক্ষিণ করেছে। র্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ও শিল্পকলা একাডেমীর সেক্রেটারি প্রবীর কুমার সরকার। বসন্ত সাজে অনুষ্ঠিত বিশাল র্যালিতে আদিবাসি ছেলে-মেয়ে ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মাজহারুল করিম, উপজেলা প্রকৌশলী আশ্রাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম ও প্রেসক্লাব সেক্রেটারি  মো. ফখরুল আলম খসরু প্রমুখ।

 

 

 

০