বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, করোনা ভাইরাসে হয়তো ৮০ হাজার থেকে এক লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মী মারা গেছেন। গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাসের মধ্যেই এই সংখ্যক স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বে ১৩৫ মিলিয়ন বা এক কোটি ৩৫ লাখ স্বাস্থ্যকর্মী কাজ করছেন বলে জানা গেছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছিল, যেসব দরিদ্র দেশে কোভিডের বিস্তার ঠেকাতে টিকার প্রয়োজন সেসব দেশ টিকা না পাওয়ায় মহামারি আরো এক বছর ধরে চলবে। তারা বলছেন, এসব দেশ টিকা পেলে আরো আগেই মহামারির অবসান ঘটত। হুর একজন ঊর্ধ্বতন নেতা ড. ব্রুস এইলওয়ার্ড বলেছেন, টিকার দুষ্প্রাপ্যতার কারণে কোভিড সঙ্কট সহজেই ২০২২ সালেও আরো অনেক দিন ধরে চলতে পারে। আফ্রিকায় জনগোষ্ঠীর পাঁচ শতাংশেরও কম টিকা পেয়েছে, যেখানে বেশির ভাগ দেশে প্রায় ৪০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়ে গেছে। -বিবিসি