রকমারি নাস্তা

 

আমরা প্রতিদিনই নানা স্বাদের খাবার খাই। মাঝেমধ্যে ভিন্নস্বাদের খাবার পেলে সবারই ভালো লাগে। তাই রকমারি নাস্তার দুই পদ নিয়ে এবারের আয়োজন

পনির পরোটা

উপকরণ :ময়দা আধা কেজি, লবণ পরিমাণমতো, বেকিং পাউডার আধা চা চামচ, পনির ১ কাপ, ধনে পাতা কুঁচি ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো, ঘি আধা কাপ, পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ, কালো জিরা সামান্য।  

প্রণালি :প্রথমে পনির গ্রেট করে নিন। পাত্রে পনির, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি একসঙ্গে মাখিয়ে রাখুন। অন্যপাত্রে ময়দা, ২ চামচ ঘি, বেকিং পাউডার, লবণ ও পানি দিয়ে ডো তৈরি করে নিন। ডো থেকে বড় বড় লেচি কাটুন। লেচির ভেতর খানিকটা করে পনির এর পুর দিন। এবার গোল বা তিনকোণা আকারে পরোটা বেলে নিন। এবার চুলায় কড়াই অথবা ফ্রাইপ্যানে পরোটাগুলো ঘিয়ে ভেজে গরম গরম পরিবেশন করুন। 

পাউরুটির কাটলেট 

উপকরণ :পাউরুটি স্লাইস ৬টি, বিস্কুটের গুঁড়া প্রয়োজনমতো, কাঁচামরিচ ২টি, ডিম ২টি, রসুন (কোয়া) ২-৩টি, লবণ পরিমাণমতো, তেঁতুল সামান্য, চিনি সামান্য, তেল ভাজার জন্য। 

প্রণালি :পাউরুটি চৌকো করে কেটে দুই ভাগ করুন। কাঁচামরিচ, রসুন, তেঁতুল একসঙ্গে বেটে চাটনি তৈরি করে নিন। এতে লবণ ও চিনি মিশিয়ে নিন। এবার এক টুকরো পাউরুটিতে চাটনি লাগিয়ে অপর একটি পাউরুটি দিয়ে ঢেকে দিন। ডিম ফেটিয়ে নিন। ফেটানো ডিমে পাউরুটিগুলো ডুবিয়ে তাতে বিস্কুটে গুঁড়া লাগিয়ে মচমচে করে ভাজুন। সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার পাউরুটির কাটলেট।