সংখ্যালঘুর জবানবন্দি

 ‘এই হূদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই’—

কাজী নজরুল, বলেছিলেন আপনি;

আপনাকেই বলছি—

হূদয় আমার আগে থেকেই শত আঘাতে ভাঙা

ইট-কাঠ-মাটির মন্দির গুঁড়িয়ে দিয়ে

কী ক্ষতি করবে আর?

বসতবাড়িতে আগুন দিয়েছে—তাতে কী আসে-যায়!

আমার মনোভূমি কত অজুহাতে কতবার

যে তছনছ করেছে—কে রাখে খবর তার

দগ্ধ জীবনে বৃথাই খুঁজি জলের দোসর

ভুলে যাই আগুনেই বসবাস;

নতুন করে পোড়াবে আমায়—এমন সাধ্য কার!

[ঢাকা]