লক্ষ্মীপুর প্রতিনিধি :প্রকৃতিকে রাঙিয়ে ঋতুরাজ বসন্তের আগমনে বাঙালির জীবনে লেগেছে নতুন আভা। কোকিলের কুহু কুহু ডাক আর গাছে গাছে পলাশ-শিমুল ও আমের মুকুলে প্রকৃতিতে চলছে বসন্তের আগমনী বার্তা। লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আনন্দ-উত্সবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল পয়লা ফাল্গুনের দিনটিকে বরণ করে নেয়া হয়। সকাল থেকে গানের সুরে, নৃত্যের তাল আর বাদ্যের ঝংকারে মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। বসন্তকে বরণ করে নিতে সকাল থেকে হাজারো শিক্ষার্থী কলেজ মাঠে এসে জড়ো হয়। উত্সবে পরিবেশিত হয়েছে গান, আবৃতি, কবিতা ও নৃত্য। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মো. আবু তাহের —ইত্তেফাক