পাটগ্রামে লাঠির আঘাতে এক জনের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা 

পাটগ্রাম উপজেলার রহমানপুর মেছিরপাড় গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে শাহাজান আলী (৪০) নামের এক ব্যক্তি মারা গেছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ রাতেই দুই জনকে আটক করেছে। মৃত শাহাজান আলীর বড় ভাই জামাল উদ্দিন বলেন, আমার ভাই নিজ জমির সীমানার পাশে সুপারি গাছ লাগানোর সময় প্রতিপক্ষ লোকজন নিয়ে তাকে মারধর করে। দ্রুত তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাতে শাহাজানের মৃত্যু হয়। এ ঘটনায় আমার অপর ভাই জাহাঙ্গীর বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছে। ওসি ওমর ফারুক দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।