লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা আটক ১

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়ায় নওশের শেখ (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের ধান খেতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় চরশামুকখোলা গ্রাম থেকে ফারুক শেখ (৪০) নামে এক জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে নওশের বিলের মধ্যে ধানের পরিচর্যা করছিল। এ সময় অভিযুক্ত ফারুক শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নওশেরকে ধারাল অস্ত্র (হাসুয়া) দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।