সুজানগরে নিষিদ্ধ জালে মাছ নিধন

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরের খালবিল থেকে নিষিদ্ধ কারেন্ট জাল, খড়া ও চায়না দোয়ার জাল দিয়ে অবাধে মাছ নিধন করা হচ্ছে। এতে শুষ্ক মৌসুমে এলাকার খালবিল মাছশূন্য হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা মত্স্য বিভাগ সূত্রে জানা যায়, সুজানগরে গাজনার বিল, মতিয়ার বিল এবং বিল গন্ডহস্তিসহ ছোটো-বড় ৮/১০টি বিল রয়েছে। প্রত্যেক বছর বর্ষা মৌসুমে ঐ সব বিলে সরকারিভাবে লাখ লাখ টাকার পোনামাছ অবমুক্ত করা হয়। তাছাড়া বিলগুলোতে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে মাছ উত্পাদিত হয়। কিন্তু প্রত্যেক বছর বিলে বর্ষার নতুন পানি আসামাত্র উপজেলার অসাধু মত্স্যজীবীরা নিষিদ্ধ জাল দিয়ে অবাধে পোনা ও মা-মাছ নিধন করে।

বিলপাড়ের বোনকোলা গ্রামের ইউসুফ আলী খান জানান, ঐ সব মত্স্যজীবীরা ভোর থেকে রাত পর্যন্ত নিষিদ্ধ বিভিন্ন জাল দিয়ে মাছ নিধন করে তা স্থানীয় হাটবাজারে বিক্রি করে। উপজেলা মত্স্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, নিষিদ্ধ জাল দিয়ে খালবিল থেকে পোনা ও মা-মাছ শিকার বন্ধে শিগিগরই বিলে আবার অভিযান চালানো হবে।