বামনায় অবৈধ অস্ত্র উদ্ধার

বামনা (বরগুনা) সংবাদদাতা

বামনায় চালিতাবুনিয়া-আমুয়া সংযোগ সড়কের পুলিশি চেকপোস্ট থেকে একটি অবৈধ অস্ত্র (পাইপগান) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বরগুনা ও ঝালকাঠী জেলার সংযোগ বামনা উপজেলার চালিতাবুনিয়া ও কাঁঠালিয়া উপজেলার আমুয়ার সংযোগ ব্রিজে একদল পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় আমুয়া থেকে বামনার প্রান্তে আসা একটি মোটরসাইকেলকে পুলিশ গতিরোধ করলে কালো ব্যাগে রক্ষিত পাইপগানটি ফেলে রেখে মোটরসাইকেলটি পালিয়ে যায়। বামনা থানার অফিসার ইনচার্জ বশিরউল আলম জানান, টহলরত পুলিশদের টের পেয়ে অবৈধ অস্ত্রটি ফেলে রেখে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।