বাগমারায় বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম

 

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

বাগমারার বিভিন্ন হাটবাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, ভোজ্য তেল, চিনি, আটা, ময়দা পেঁয়াজের দাম অসহনীয় মাত্রায় বেড়েছে। তবে চালের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে কাঁচা মরিচসহ শাকসবজির দাম। উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারসহ তাহেরপুর, মোহনগঞ্জ, শিকদারী, হাটগাঙ্গোপাড়া বাজার ঘুরে দেখা গেছে, সয়াবিন ১৬০, সরিষা ১৮০, পেঁয়াজ ৬০, আদা ১৮০, আটা ৩৫ থেকে ৩৮, ময়দা ২৫, চিনি ৮৫ থেকে ৯০, মুগডাল ১৪০ এবং বুটের ডাল ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখানে দেশি মুরগি ৩৫০ টাকা, বয়লার ১৬০ ও গরুর মাংস ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, দাম বাড়ার আগে যাদের কাছে পণ্য মজুত ছিল তারা আগের দামেই বিক্রি করছেন। আর যারা পরে বেশি দামে পণ্য নিয়েছেন তারা কিছুটা বেশি দামেই বিক্রি করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান জানান, শিগিগরই ভবানীগঞ্জসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অনিয়ম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।