সীতাকুণ্ডে বোমাসৃদশ বস্তু উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে একটি পরিত্যক্ত বোমাসদৃশ বস্তু উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত বুধবার সকাল ১১টায় এলাকাবাসী ভোলাগিরি আশ্রম সংলগ্ন তাঁতি বাড়ির সামনে একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। বস্তুটি কাগজে মোড়ানো অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানটি ঘিরে ফেলে। পরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা ডিসপোজল টিম এসে দুপুর ২টায় উদ্ধারকৃত বস্তুটির বিস্ফোরণ ঘটিয়ে তা নিষ্ক্রিয় করে। নিষ্ক্রিয় করার সময় সেখানে বিকট শব্দ সৃষ্টি হয়।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা যথাসময়ে ঘটনাস্থলে গিয়ে বোমা নিষ্ক্রিয় টিম দিয়ে উদ্ধারকৃত বস্তুটি নিষ্ক্রিয় করি। এ ঘটনায় থানায় একটি জিডি করা হবে।