ধারাবাহিকতা ধরে রাখতে চান তারেক

 

প্রযোজক সংকটের এই সময়ে নিয়মিতই বিজ্ঞাপন, নাটক ও ওয়েব সিরিজ প্রযোজনা করছেন মো. হাবিবুর রাহমান তারেক। রানআউট ফিল্মসের ব্যানারে এরইমধ্যে ৩ শতাধিক বিজ্ঞাপন প্রযোজনার পাশাপাশি ‘ইউটিউমার’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’সহ বেশকিছু নাটক প্রযোজনা করেছেন তিনি। বর্তমানে কয়েকটি ওয়েব সিরিজের কাজও হাতে রয়েছে তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রানআউট ফিল্মসের যাত্রার শুরুটা খুব একটা ভালো ছিল না। তবে আমি বিশ্বাস করতাম নীতি-আদর্শ-নৈতিকতা ঠিক রেখে আত্মবিশ্বাসের সঙ্গে পরিশ্রম করলে যেকোনো কাজে সফলতা আসে। তাই কখনো কোনো কাজকে আমি ছোট করে দেখতাম না। এই সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ প্রযোজনার স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি পুরস্কারও অর্জন করেছেন তারেক। প্রযোজক সংকট প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমি মনে করি ইন্ডাস্ট্রিতে দক্ষ প্রডিউসার খুব দরকার। দেশের তরুণ-তরুণীদের এই পেশায় উত্সাহিত করা উচিত। কারণ একটি বিজ্ঞাপন বা ফিকশন নির্মাণের জন্য একজন পরিচালকের পাশাপাশি একজন প্রডিউসার মুখ্য ভূমিকা পালন করেন। ভালো প্রযোজক ছাড়া তো ভালো কাজ করা কখনো সম্ভব না।’