ইত্তেফাক রিপোর্ট
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিশুদের সংস্কৃতি চর্চা অপরিহার্য। কেন না শিশুদের সংস্কৃতিচর্চা সম্প্রীতির সোপান । সেই সঙ্গে মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা বিস্তারে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা মিলনায়তনে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম-এনবিজেএফ আয়োজিত শিশু সংগঠক ও সাংবাদিক রফিকুল হক (দাদু ভাই) স্মরণসভায়
প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিশুপ্রতিভা বিকাশের লক্ষ্যে তথ্যমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি আবার চালু করতে নির্দেশ দিয়েছেন বলে জানান এবং সংবাদপত্রগুলোতে সাপ্তাহিকভাবে শিশুতোষ পাতা প্রকাশের অনুরোধ করেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে মাঝেমধ্যে যে জঙ্গিবাদ-মৌলবাদের আস্ফাালন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হয়, এ সব আরো কমে যাবে, নির্মূল হবে, যদি আমরা শিশুদের সংস্কৃতিমনা হিসেবে গড়তে পারি, তাদের ভেতরে আমাদের অসাম্প্রদায়িক চেতনা সঞ্চার করতে পারি।’
দৈনিক বর্তমানের নির্বাহী সম্পাদক ও এনবিজেএফের ভারপ্রাপ্ত সভাপতি নজমুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এম এ আজিজ ও সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালসহ এনবিজেএফের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।