চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে একজনের পকেট থেকে মোবাইল ফোন চুরি করেছিল চোর। কিন্তু ফোনের মালিকের পরিচয় তখনও তার জানা ছিল না। ঘটনার এক সপ্তাহ পর পুলিশ ওই চোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে সে জানতে পারে যে, সে আসলে একজন বিচারকের মোবাইল হাতিয়ে নিয়েছে। পরে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় আবুল কাশেম নামের ওই চোর। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খানের আদালত অভিযুক্তের জবানবন্দি রেকর্ড করেন বলে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
আদালত সূত্র জানায়, গত ৪ জানুয়ারি নগরের দামপাড়া বাস কাউন্টারের পাশে স্কয়ার কমিউনিটি সেন্টারে একটি বিয়ের দাওয়াতে যান চট্টগ্রাম মহানগর আদালতের একজন ম্যাজিস্ট্রেট। সেখানে ভিড়ের মধ্যে তার পকেট থেকে মোবাইল চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খুলশী থানার ঝাউতলা এলাকায় নয়নের মা’র কলোনি থেকে আবুল কাশেম নামের একজনকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ।