পশ্চিমবঙ্গে ফের বাড়ছে করোনা সংক্রমণ

ভারতের পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলির মতো জেলার পরিসংখ্যানও উদ্বেগজনক। হিন্দুস্তান টাইমসের বাংলা অনলাইনের খবরে বলা হয়েছে, দুর্গাপূজার পরই করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে। রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের দেওয়া গাইডলাইন পালন করেনি মানুষজন। তাই এখন করোনা আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনকে। সবচেয়ে বড় চিন্তার কারণ হলো- টিকার দুটি ডোজ নেওয়ার পরও আক্রান্ত হচ্ছেন অনেকেই।

গতকাল শুক্রবার জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬০ জন। তার মধ্যে ২০১ জন উপসর্গবিহীন এবং ৫৯ জনের শরীরে রয়েছে করোনা ভাইরাসের উপসর্গ। শুধু একটি ডোজ নিয়েছেন এমন রোগীর সংখ্যা ১৯ জন। আর দ্বিতীয় ডোজ নেওয়া আক্রান্তের সংখ্যা ১৬৩ জন, যার মধ্যে ১২০ জন উপসর্গবিহীন ও ৪৩ জনের উপসর্গ রয়েছে। টিকা নেওয়া হয়নি এমন আক্রান্তের সংখ্যা ৩৭।

এ অবস্থায় আতঙ্ক বাড়তে থাকায় পশ্চিমবঙ্গে সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কলকাতার সবকয়টি কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরসভা।