সিনেমার ঘটনা এবার বাস্তবেই রূপ দিলেন হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইন। শুটিং ফ্লোরেই এক নারী চিত্রগ্রাহককে গুলি করে হত্যা করলেন তিনি। গুলিতে ছবির পরিচালকও আহত হয়েছেন। বল্ডউইনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খবর বিবিসি ও সিএনএনের
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি সিনেমার সেটে অভিনেতা অ্যালেক বল্ডউইনের চলচ্চিত্রে ব্যবহূত বন্দুকের গুলিতে সিনেমার চিত্রগ্রাহক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ছবিটির পরিচালক। উনিশ শতকের ওয়েস্টার্ন ঘরানার ছায়াছবি ‘রাস্ট’-এর সেটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নারী হ্যালিনা হাচিন্স ঐ সিনেমার পরিচালক অব ফটোগ্রাফি হিসেবে কাজ করছিলেন। সেটে কর্মরত অবস্থাতেই তিনি গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুরুতর জখমের কারণে তার মৃত্যু হয়। অন্যদিকে ৪৮ বছর বয়সি পরিচালক জোয়েল সুজা গুলিবিদ্ধ হলে তাকে বনানজা ক্রিক র্যাঞ্চের সেট থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে যে, তারা ঘটনার তদন্ত করছে এবং এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। বল্ডউইনের এক মুখপাত্র জানিয়েছেন, সিনেমা সেটের প্রপ বন্দুক দিয়ে ফাঁকা গুলি চালানোর সময় এমন ঘটনা ঘটেছে। বল্ডউইন এনবিসি টিভির সিটকম থার্টি রকে জ্যাক ডোনাহির চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এছাড়া স্কেচ শো স্যাটারডে নাইট লাইভে ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে অভিনয়ের কারণেও তিনি আলোচনায় এসেছেন।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে সান্টা ফে শেরিফের মুখপাত্র বলেন, ‘বল্ডউইন পুলিশের গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছেন। মুখপাত্র বলেন, তিনি স্বেচ্ছায় কথা বলতে এসেছেন এবং জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তিনি চলে যান।’ বল্ডউইন এই চলচ্চিত্রের একজন সহ-প্রযোজক এবং তিনি ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে তিনি এক দস্যু চরিত্রে অভিনয় করেছেন যার ১৩-বছর বয়সি নাতি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে।