স্পোর্টস রিপোর্টার
নিউজিল্যান্ডের মাটিতে জয়ের খাতা খোলার আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের প্রথমভাগেই সেই আশা ফিকে হয়ে গিয়েছিল। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচজুড়ে স্রোতের বিপরীতে লড়ে গেছে বাংলাদেশ। শুরুর বিপর্যয়ে নেমে আসা বিষম চাপ কাটানো সম্ভব হয়নি। মোহাম্মদ মিঠুনের লড়াকু হাফ সেঞ্চুরি, মোহাম্মদ সাইফউদ্দিনের দৃঢ়তা একপেশে লড়াইয়ে বাংলাদেশের উজ্জ্বলতম অংশ।
কন্ডিশনে মানিয়ে না নিতে পারা, প্রস্তুতির ঘাটতি স্পষ্ট ছিল দলের পারফরম্যান্সে। সাকিব আল হাসানকে ছাড়া একাদশের কম্বিনেশনেও গড়বড় ছিল। একাদশে জায়গা হয়নি সবচেয়ে দ্রুতগতির বোলার রুবেল হোসেনের। ব্যাটিংয়ের লেজে মিঠুন-সাইফউদ্দিনের অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড, বাংলাদেশের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শততম ম্যাচটা পরাজয়ের হতাশা দিয়েই শেষ হলো।
নিউজিল্যান্ডে জয় অধরাই থাকলো টাইগারদের। গতকাল নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। গতকাল টস জিতে আগে ব্যাট করে মিঠুনের হাফ সেঞ্চুরির পরও ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে মার্টিন গাপটিলের হাফ সেঞ্চুরিতে ৪৪.৩ ওভারে দুই উইকেটে ২৩৩ রান তুলে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। সেঞ্চুরিয়ান গাপটিল ম্যাচ সেরা হন।
ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল বিপর্যয়মুখর। বোল্ট-হেনরিদের সুইং-বাউন্স-গতির ঝড়ে নাকাল হন টপঅর্ডার ব্যাটসম্যানরা। শুরুতে ৪২ রানেই চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে বোল্টের অপূর্ব সুইং বোলিংয়ের শিকার হয়ে ফিরেন তামিম ইকবাল (৫)। শুরু থেকেই নড়বড়ে থাকা লিটন (১) ব্যাট-প্যাডের ফাঁক গলিয়ে হেনরির বলটা তার স্ট্যাম্প ভেঙে দিয়েছে। বোল্টের বলে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন মুশফিক (৫)। একপ্রান্তে এমন উইকেট পতনের ধারা চলছিল, অন্যপ্রান্তে সৌম্য সরকারের ব্যাট হাঁটছিল উল্টো রথে। দুর্দান্ত টাইমিং, ড্রাইভ, পুল, ফ্লিকে চোখ ধাঁধানো ব্যাটিং করেছেন সৌম্য। হেনরিকে মিড উইকেট দিয়ে মেরেছেন ছক্কা। তবে সেই ঝলক স্থায়ী হয়নি। নবম ওভারে হেনরির বলেই ক্যাচ তুলে ফিরেছেন ২২ বলে ৩০ রান করা সৌম্য।
তারপর বাংলাদেশের ইনিংসটা মূলত মিঠুনময়। কিউই পেসারদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল তার ব্যাট। নবম ওভারে উইকেটে এসে ফিরেছেন ৪৮তম ওভারে। ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৯০ বলে পাঁচটি চারে ৬২ রান করেছেন মিঠুন। এর মাঝেই মাহমুদউল্লাহর সঙ্গে ২৯, সাব্বিরের সঙ্গে ২৪, মিরাজের সঙ্গে ৩৭, সাইফউদ্দিনের সঙ্গে ৮৪, মাশরাফির সঙ্গে ১৪ রানের জুটি গড়েছেন তিনি। যার মধ্যে অষ্টম উইকেটে সাইফউদ্দিনের সঙ্গে তার জুটিটাই বাংলাদেশের মান বাঁচিয়েছে। সাইফউদ্দিনও ভালো ব্যাটিং করেছেন। ৫৮ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন এই তরুণ। মাশরাফি অপরাজিত ছিলেন ৯ রানে। নিউজিল্যান্ডের বোল্ট-স্যান্টনার তিনটি করে, হেনরি-ফার্গুসন দুটি করে উইকেট নেন।
বাংলাদেশের দেওয়া টার্গেটটা নেপিয়ারের মাঠ হিসেবে মামুলি টার্গেটই ছিল। ১০৩ রানের ওপেনিং জুটিতে সেটি আরও সহজ হয়ে যায় স্বাগতিকদের সামনে। বাংলাদেশের বোলাররাও চেপে ধরতে পারেননি গাপটিল-নিকোলসদের।
নিকোলস ৫৩, কেন উইলিয়ামসন ১১ রান করে আউট হন। তৃতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন গাপটিল-টেইলর। ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি করা গাপটিল ১১৬ বলে অপরাজিত ১১৭ রান (৮ চার, ৪ ছয়) করেন। টেইলর অপরাজিত ছিলেন ৪৫ রানে। বাংলাদেশের মিরাজ-মাহমুদউল্লাহ একটি করে উইকেট নেন।
স্কোর কার্ড
টস: বাংলাদেশ
বাংলাদেশ ইনিংস : রান বল চার ছয়
তামিম ইকবাল ক লাথাম ব বোল্ট ৫ ৬ ১ ০
লিটন দাস বোল্ড ব হেনরি ১ ৮ ০ ০
সৌম্য সরকার ক এন্ড ব হেনরি ৩০ ২২ ৫ ১
মুশফিকুর রহিম বোল্ড ব বোল্ট ৫ ১৪ ১ ০
মোহাম্মদ মিঠুন বোল্ড ব ফার্গুসন ৬২ ৯০ ৫ ০
মাহমুদউল্লাহ রিয়াদ ক টেইলর ব ফার্গুসন ১৩ ২৯ ০ ০
সাব্বির রহমান স্টাম্প ল্যাথাম ব স্যান্টনার ১৩ ২০ ২ ০
মেহেদি হাসান মিরাজ ক নিশাম ব স্যান্টনার ২৬ ২৭ ৩ ১
মোহাম্মদ সাইফউদ্দিন ক গাপটিল ব স্যান্টনার ৪১ ৫৮ ৩ ০
মাশরাফি বিন মর্তুজা অপরাজিত ৯ ১৪ ১ ০
মুস্তাফিজুর রহমান বোল্ড ব বোল্ট ০ ৬ ০ ০
অতিরিক্ত (লে বা-৫, নো-১, ও-১৬, পে-৫) ২৭
মোট (অলআউট, ৪৮.৫ ওভার) ২৩২
উইকেট পতন : ১/৫ (তামিম), ২/১৯ (লিটন), ৩/৪২ (মুশফিকুর), ৪/৪২ (সৌম্য), ৫/৭১ (মাহমুদুল্লাহ), ৬/৯৪ (সাব্বির), ৭/১৩১ (মিরাজ), ৮/২১৫ (সাইফউদ্দিন), ৯/২২৯ (মিথুন), ১০/২৩২ (মুস্তাফিজুর)।
নিউজিল্যান্ড বোলিং : হেনরি : ৯-১-৪৮-২, বোল্ট : ৯.৫-০-৪০-৩ (ও-১, নো-১), গ্র্যান্ডহোম : ৫-০-১৯-০, ফার্গুসন : ১০-১-৪৪-২ (ও-৬), স্যান্টনার : ৮-০-৪৫-৩ (ও-১), নিশাম : ৭-০-২৬-০ (ও-৪)।
নিউজিল্যান্ড ইনিংস : রান বল চার ছয়
মার্টিন গাপটিল অপরাজিত ১১৭ ১১৬ ৮ ৪
হেনরি নিকোলস বোল্ড ব মিরাজ ৫৩ ৮০ ৫ ০
কেন উইলিয়ামসন এলবিডব্লু ব মাহমুদুল্লাহ ১১ ২২ ১ ০
রস টেইলর অপরাজিত ৪৫ ৪৯ ৬ ০
অতিরিক্ত (লে বা-৩, ও-৪) ৭
মোট (৪৪.৩ ওভার, ২ উইকেট) ২৩৩
উইকেট পতন : ১/১০৩ (নিকোলস), ২/১৩৭ (উইলিয়ামসন)।
বাংলাদেশ বোলিং : মাশরাফি : ৮.৩-০-৩৩-০ (ও-১), সাইফউদ্দিন : ৭-০-৪৩-০ (ও-২), মুস্তাফিজুর : ৮-০-৩৬-০, মিরাজ : ৮-১-৪২-১, সাব্বির : ৭-০-৪১-০, মাহমুদউল্লাহ : ৫-০-২৭-১, সৌম্য : ১-০-৮-০ (ও-১।
ফলাফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)।