ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস এমপির গাড়িতে হামলা

আবারও বিজেপি-তৃণমূল সংঘাতে উত্তপ্ত ভারতের ত্রিপুরা রাজ্য। গতকাল শুক্রবার ত্রিপুরায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সুস্মিতা দেব তার ব্যাগ ছিনতাই এবং মোবাইল ভেঙে ফেলার অভিযোগও তুলেছেন। তিনি বলেন, বিপ্লব দেব ব্যালটে লড়াই না করে গাড়িতে হামলা করছে। ত্রিপুরা বিজেপি অবশ্য এই ঘটনাকে তৃণমূলের দলীয় কোন্দলের প্রকাশ বলে দাবি করেছে। একই সঙ্গে বিপ্লব সম্পর্কে সুস্মিতার মন্তব্যের নিন্দা করেছে বিজেপি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই ত্রিপুরায় জনসংযোগ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলার কথা। তাতেই অংশ নিয়ে শুক্রবার ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ প্রচারে বের হন সুস্মিতা। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ পশ্চিম ত্রিপুরার আমতলি বাজারের কাছে তার গাড়িতে কয়েকজন বিজেপি কর্মী হামলা চালায়। শুধু গাড়ি ভাঙচুরই নয়, সুস্মিতা দেবের ব্যাগ ছিনতাই করা হয়। সুস্মিতা বলেন, আক্রমণকারীরা সবাই বিজেপি কর্মী। কারো মুখে মাস্কও পরা ছিল না। এ নিয়ে আমতলা থানায় অভিযোগও দায়ের করেছেন সুস্মিতা। হামলার ঘটনার প্রতিবাদ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এমপি অভিষেক ব্যানার্জি।

এ বিষয়ে ত্রিপুরা বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, এমন আক্রমণ বিজেপির সংস্কৃতি নয়। এটা তৃণমূলের দলীয় কোন্দলের প্রকাশ। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ‘নপুংসক’ বলা নিয়ে সুব্রত বলেন, এটা তৃণমূলের কাছে প্রত্যাশিত। সাধারণের কাছে যা অশালীন, সেটাই তৃণমূলের সংস্কৃতি।