১৬ বছর পর...

স্পোর্টস রিপোর্টার

২৯তম ওভারটা তখন মাত্র শেষ হলো। ২৬ রান করে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের স্কোর তখন সাত উইকেটে ১৩১ রান। এই অবস্থা থেকে নিউজিল্যান্ডের মত বিরুদ্ধ কন্ডিশনে ২০০-এর ওপর ইনিংসটাকে টেনে নিয়ে যাওয়াটা খুব মুশকিল।

সেখান থেকে ৪৯তম ওভারের পঞ্চম বলে যখন সফরকারীরা অলআউট হলো তখন ২৩২ রান উঠে গেছে। তাতে বাংলাদেশ বড় কিছু করে না ফেললেও অন্তত বড় একটা লজ্জা থেকে বাঁচা গেছে। এই লজ্জা থেকে রক্ষার নেপথ্যে আছে অষ্টম উইকেট জুটির কীর্তি।

অষ্টম উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনকে সাথে নিয়ে ৮৪ রান যোগ করেন মোহাম্মদ মিথুন। এই উইকেটে এটাই বাংলাদেশের নতুন রেকর্ড। এর আগে অষ্টম উইকেটে বাংলাদেশের সেরা জুটি ছিল খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ রফিকের।

কাকতালীয়ভাবে সেটাও ছিল এই নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০০৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে অষ্টম উইকেটে এই দুইজন মিলে যোগ করেছিলেন ৭০ রান। এর অর্থ হলো প্রায় ১৬ বছর পুরনো রেকর্ড ভাঙলেন মিথুন-সাইফউদ্দিন।

হাফ সেঞ্চুরি থেকে নয় রান দূরে থাকতে আউট হন সাইফউদ্দিন। তিনটি চারের সৌজন্যে ৫৮ বল খেলে তিনি করেন ৪১ রান। আর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি পেয়ে গেছেন মিথুন। আউট হওয়ার আগে করেছেন ৬২ রান। ইনিংসে ছিল পাঁচটি চার।