অপোর আয়োজনে রাজধানীতে মোবাইল সাংবাদিকতার ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মোবাইল সাংবাদিকতার উত্কর্ষতা আনয়নে গতকাল গুলশানের একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তরুণদের উদ্বুদ্ধ করতে আগামীর সাংবাদিকতার ভবিষ্যত্ ‘মোবাইল জার্নালিজম’ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে কর্মশালা থেকে। কর্মশালায় বক্তারা বলেন, বহুমাত্রিক কারণে সারাবিশ্বেই মোবাইল সাংবাদিকতা দিনদিন জনপ্রিয় হচ্ছে। আমাদের দেশেও ক্রমান্বয়ে স্মার্টফোন বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাংবাদিকতা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে তরুণদের মধ্যেই আগ্রহ বেশি দেখা যাচ্ছে। সেই তরুণদের উদ্বুদ্ধ করতে অপো মোবাইল সাংবাদিকতার মৌলিক বিষয় নিয়ে কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি পরিচালনা করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর সহকারী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান। অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া কর্মী, শিক্ষার্থী ও টেক রিভিউয়ার এর উদ্দেশে তিনি মোবাইল সাংবাদিকতার হালের নানাবিধ দিক তুলে ধরেন। স্মার্টফোন যে সাংবাদিকতার শক্তিশালী মাধ্যম হতে পারে এ বিষয়টি খুব জোরালোভাবে উঠে আসে কর্মশালা থেকে। অনুষ্ঠানে অপোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।