বিসিসির চতুর্থ পরিষদের তিন বছর পূর্তি
বরিশাল অফিস
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) চতুর্থ পরিষদের শপথ গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনাসভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিটি মেয়র সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীর। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদসহ সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী সিটি করপোরেশনকে স্বনির্ভর করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করা হয়েছে। এর সুফল পাচ্ছেন সাধারণ জনগণ। তিনি বলেন, উন্নয়নকাজ করতে গিয়ে কারোর ক্ষতি সাধন হলেও হাজারো মানুষের উপকার হচ্ছে। আগামী দিনগুলোতে উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন মেয়র সাদিক। পরে বর্তমান চতুর্থ পরিষদের তিন বছর পূর্তি উপলক্ষ্যে এক বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ। ২০১৮ সালের এই দিনে বর্তমান পরিষদের মেয়র ও কাউন্সলিররা শপথ গ্রহণ করেন।