বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বাকেরগঞ্জ হলতা বন্দর খেয়াঘাট দিয়ে নৌকায় করে ঝুঁকি নিয়ে খয়রাবাদ নদী পারাপার হচ্ছে উপজেলার দুইটি ইউনিয়ন ও নলছিটি উপজেলার লক্ষাধিক মানুষ। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। সরজমিনে দেখা যায়, হলতা বন্দর খেয়াঘাট দিয়ে প্রতিদিন উপজেলার চরাদি, চরামদ্দি ইউনিয়ন এবং ঝালকাঠির নলছিটি উপজেলার ২৭ গ্রামের মানুষ পারাপার হয়। নদী এলাকা ঘিরে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে উঠেছে। ফলে নানা শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন নৌকায় পারাপার হতে হচ্ছে। ব্যবসায়ী সুলাইমান বলেন, বাজারে প্রতিদিন কয়েক হাজার লোকের সমাগম ঘটে। সপ্তাহে হাটের দুই দিন ক্রেতা-বিক্রেতার চাপ বহুগুণে বেড়ে যায়। তখন খেয়া পারাপারে অনেক দুর্ঘটনা ঘটতে দেখা যায়। হলতা শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী সরদার বলেন, শিক্ষার্থী-শিক্ষকসহ এই খেয়াঘাটে নিয়মিত যাতায়াতকারীদের দুর্ভোগ নিত্যদিনের ব্যাপার। উপজেলার চরাদী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, এ স্থানে সেতু নির্মাণের ব্যাপারে আশ্বাস পেয়েছি। আশা করছি শিগিগরই বরাদ্দ পাওয়া যাবে। স্থানীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা ও এলজিইডির উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া জানান, এই স্থানে সেতু নির্মাণের সমীক্ষা চলছে। সমীক্ষা শেষে প্রয়োজনীয় বরাদ্দ পেলেই নির্মাণকাজ শুরু হবে।