বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে শনিবার ভোরে দশানী-গিলাতলা সড়কের বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া আশ্রমের মাঠসংলগ্ন সড়ক থেকে নবজাতকের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদর উপজেলার কাড়াপাড়া হাইস্কুল মসজিদের ইমাম মোশাররফ হাওলাদার জানান, ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলাম। এ সময় কাড়াপাড়া আশ্রমের মাঠের সামনে পৌঁছলে দেখি সড়কে কিছু একটা পড়ে আছে। লাইট জ্বেলে কাছে গিয়ে দেখি মৃত বাচ্চার লাশ পড়ে আছে। বাচ্চাটির চোখমুখ কিছুটা ক্ষতবিক্ষত। পরে স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেন।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।