বিরামপুর সীমান্তে আটটি স্বর্ণের বারসহ আটক ১

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর সীমান্তের কাটলাতে শুক্রবার রাতে আটটি স্বর্ণের বারসহ (৮০ ভরি) একজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে গোলজার হোসেন। শনিবার তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, গোপন খবরের ভিত্তিতে সীমান্তঘেঁষা কাটলা বাজারে অভিযান পরিচালনা করি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাটলা বাজারের প্রবেশমুখে বিদ্যুতের কাঠের ‘স’ মিলে গোলজার হোসেন নামে এক ব্যক্তি মিলের কাঠের গুঁড়ির নিচে স্বর্ণের বারগুলো রেখে পালানোর চেষ্টা করে। তখন তাকে আটক করে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক গোলজার কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ তার কাছ থেকে নগদ ৬ হাজার ৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।