চট্টগ্রাম অফিস
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) কর্মকর্তাদের মতবিনিময় সভা গতকাল শনিবার বিএফআরআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা অত্যন্ত প্রয়োজন। টেকসই এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে বন বিষয়ক গবেষণার বিকল্প নেই। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিএফআরআইর উদ্ভাবিত প্রযুক্তির সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে। বন বিষয়ে গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
সভায় সভাপতিত্ব করেন বিএফআরআইর পরিচালক ড. রফিকুল হায়দার। গবেষণা কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিএফআরআইর পরিচালক। এতে ইনস্টিটিউটের এ পর্যন্ত উদ্ভাবিত ৯৪টি প্রযুক্তির পরিচিতি এবং গবেষণা কার্যক্রম ও ভবিষ্যত্ কর্ম-পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। সঞ্চালনা করেন বিএফআরআইর পাবলিসিটি অফিসার এয়াকুব আলী।