বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ
বরিশাল অফিস ও উজিরপুর সংবাদদাতা
বরিশালের উজিরপুরে মুক্তিযোদ্ধাসহ তার বড় ছেলে হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাদের স্বজনরা। গতকাল শনিবার দুপুরে উজিরপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের মেয়ে ছোনিয়া আক্তার।
তিনি বলেন, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসীরা গত ২৯ জুলাই সকালে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে কুপিয়ে হত্যা করে। তাকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেনের বড় ছেলে বিপ্লব তালুকদার ১০ দিন ঢাকায় চিকিত্সাধীন থাকার পর মারা যায়।
এ ঘটনায় নিহতের ছোট ছেলে জুয়েল তালুকদার ৩২ জনকে আসামি করে থানায় মামলা করেছে। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে। অন্য আসামিদের গ্রেফতার করতে না পাড়ায় এই হত্যাকাণ্ডের বিচার পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন নিহতদের স্বজনরা। গ্রেফতারকৃত পাঁচ আসামির মধ্যে সাইদুল তালুকদার ও সাইদুল বেপারী নামে দুই জন আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাদীর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় থানায় সাধারণ ডায়ারি করেন নিহতদের পরিবার।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদার ও তার বড় ছেলে বিপ্লব তালুকদার হত্যামামলার পলাতক আসামিদের গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের কঠোর শাস্তি দাবি করা হয়। সংবাদ সম্মেলনে নিহত দেলোয়ার হোসেনের মেয়ে ছোনিয়া আক্তার ছাড়াও অন্য মেয়ে স্বর্ণা আক্তার, ছেলে জুয়েল তালুকদার, নিহত বিপ্লবের স্ত্রী রোজিনা বেগম, তার বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী কনক, ছোট মেয়ে জান্নাত এবং হত্যামামলার বাদী জুয়েল তালুকদারের স্ত্রী মুন্নী বেগম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি আলী আরশাদ জানান, বাবা ও ছেলে হত্যামামলায় পাঁচ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যতম আসামি সাইদুল বেপারী উচ্চ আদালত থেকে জামিনে আছেন। বাদীর পরিবারকে কেউ হুমকি দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি।