টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনকে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গেছে, কামারখাড়া গ্রামের চুন্নু ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী শামসুল হক ঢালীর দীর্ঘদিন যাবত্ জমি নিয়ে বিরোধ চলে আসছে।
তার জের ধরে বিরোধপূর্ণ জমির পুকুরে শুক্রবার শামসুল হক ঢালী মাছ ধরতে গেলে প্রতিবেশী চুন্নু ব্যাপারী গং বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চুন্নু ব্যাপারী তার জামাতা ওসমানকে দিয়ে ৩০/৪০ জন সন্ত্রাসী ভাড়া করে এনে শামসুল হক ঢালী গং জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে আহত শামসুল হক ঢালী, আল-আমিন ঢালী, রুহুল আমিন ঢালীর ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে চুন্নু ব্যাপারী এবং তার জামাতা ওসমান মিস্ত্রি সন্ত্রাসীদের নিয়ে শামসুল হক ঢালীর বাড়িতে পালটা হামলা চালায়। এ সময় শামসুল হক ঢালীসহ ১০ জন আহত হয়।
সরেজমিনে দেখা যায়, শামসুল হক ঢালী, আল-আমিন ঢালী, রুহুল আমিন ঢালীর ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এর মধ্যে আল-আমিন ঢালীর বেড়া খুলে সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে তার স্ত্রী তনজিলাকে মারধর করেছে। এ সময় রুহুল আমিনের ঘরে হামলা ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলার দীঘির পাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুয়েল হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।