সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে সিদ্ধিরগঞ্জে যুবক আটক

কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার করার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থেকে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১। গতকাল শনিবার ভোর ৪টায় নাজির হোসেন ওরফে ইমরান নাজির (২৬) নামের ঐ যুবককে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ফুট ওভার ব্রিজের নিচ থেকে আটক করা হয়। এ সময় তার  কাছ থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকালে  আদমজীনগরের র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা সাংবাদিকদের এ তথ্য জানান।

র্যাব কর্মকর্তা জানান, কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে হিন্দু সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে ককটেল বিস্ফোরণ এর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে নাজির হোসেন ওরফে ইমরান নাজির নামক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে র্যাব জড়িতকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় শনিবার ভোর ৪ ঘটিকায় মো. নাজির হোসেন ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জে ফেরত এলে তাকে সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ফুট ওভার ব্রিজের নিচ থেকে আটক করা হয়।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। কুমিল্লার নানুয়ার দীঘিরপাড়ের সাম্প্রতিক সময়ে হামলার ঘটনাটিকে ব্যবহার করে সাম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার করে আসছিলেন। সাম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর মাধ্যমে সে জনসাধারণকে উত্তেজিত করার অপচেষ্টা চালান। পরবর্তী সময়ে পোস্টটি ডিলিট করে দিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।