প্রধানমন্ত্রী ও দুই মন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে গ্রেফতার ৩

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি টিকটক থেকে ডাউনলোড করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মহিউদ্দিন বয়াতী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ও দুই মন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট ও সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে খুলনায় দুই জন গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় গতকাল শনিবার সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক মামলা হয়েছে।

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা জানান, শুক্রবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার থেকে মহিউদ্দিনকে আটক করে পুলিশ। মহিউদ্দিন ঐ ইউনিয়নের পূর্ব চরমোন্তাজ গ্রামের হালেম বয়াতীর ছেলে। সে পেশায় একজন মোটরসাইকেল চালক। তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় উপজেলা আওয়ামী লীগের সদস্য রাসেল খান বাদী হয়ে মামলাটি করেন। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা অফিস ও দাকোপ সংবাদদাতা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক ছবি এবং প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট দেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন—দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের বিষ্ণুপদ ঢালী (৪২) ও বানীশান্তা এলাকার জাহিদ খান (২০) । দাকোপ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।