একশনএইড বাংলাদেশের ৩৮ বছরের পথচলা

সামাজিক ন্যায়বিচার, লিঙ্গ সমতা, দারিদ্র্যবিমোচন, নারী ও শিশুদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে ৩৮ বছর ধরে কাজ করে চলেছে একশনএইড বাংলাদেশ। এ উপলক্ষ্যে গতকাল শনিবার একশনএইড বাংলাদেশ ‘অ্যাক্ট অন এইড’ শিরোনামে রাজধানীর বনানীর একটি হোটেলে প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে প্রতিষ্ঠানের এই দীর্ঘ পথচলায় গৃহীত কর্মসূচি, বিশেষ উদ্যোগ ও সাফল্যের গল্প তুলে ধরা হয়।

প্রদর্শনীর পাশাপাশি একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবিরের পরিচালনায় দেশের শিল্পনেতা, সমাজসেবী, সেলিব্রেটি, শিক্ষাবিদ, পরিবর্তনকামী তরুণ এবং কর্মীদের নিয়ে ‘ইনক্লুসিভ ডেভেলপমেন্ট পার্টনারশিপস টোয়ার্ডস অ্যাটেইনিং দ্য এসডিজিস’ শিরোনামে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক ও ইউএনওয়াইএসএবি-এর কো-চেয়ার নাহিম রাজ্জাক এমপি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি শামস মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন, নারী উন্নয়ন সংস্থা বিন্দু’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, সামাজিক উদ্যোক্তা ও আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত রহমান, রিডিকুলাস ফিউচার-এর এডুকেটর, ফিউচারিস্ট এবং স্টোরিটেলার শাকিল আহমেদ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের  হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শামীমা আক্তার।

ফারাহ্ কবির বলেন, একশনএইড বাংলাদেশ যেদিন ভোলার চরফ্যাশন থেকে যাত্রা শুরু করে সেদিন কেউ চরফ্যাশন সম্পর্কে জানত না। কিন্তু বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তার জন্য আমরা সেখানে ছিলাম। তখন থেকেই আমরা সহজে পৌঁছানো যায় না এমন জায়গার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছি।

নাহিম রাজ্জাক এমপি বলেন, পলিসি তৈরির ক্ষেত্রে নীতিনির্ধারক ও জনগণের মধ্যে যে ব্যবধান রয়েছে তা কমিয়ে আনতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব ও জনগণের সম্পৃক্ততার সমন্বয় জরুরি।

ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন বলেন, বাংলাদেশকে দারিদ্র্যের স্বীকৃত বিজ্ঞাপন হিসেবে ধরা হলেও অর্থনৈতিক উন্নয়ন এবং সফলতার বহু নজির সৃষ্টির মাধ্যমে আন্তর্জাতিক সমালোচকদের বারবার ভুল প্রমাণিত করেছে। বাংলাদেশকে সর্বক্ষেত্রে উন্নয়ন সংস্থা এবং এনজিওগুলোর সুপারিশকৃত কাঠামোর মধ্যে ফেলা সম্ভব হয় না। বাস্তবতা হলো, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অগ্রাধিকারগুলো সবসময় স্থানীয় পর্যায়ে প্রয়োগযোগ্য হয় না। এটি বাংলাদেশ বারবার প্রমাণ করেছে। 

উল্লেখ্য, একশনএইড ফেডারেশনের সহযোগী সদস্য একশনএইড বাংলাদেশ দারিদ্র্যবিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৩ সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে।