ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটে সংঘর্ষে এক জন খুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলা উদ্দিন ওরফে আলা নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল হামিদসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া আলা ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে মেম্বারপ্রার্থী গোলাম রব্বানী ও আব্দুল হামিদের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে আলাউদ্দিন মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো কয়েক জন আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।