উপজেলা পরিষদ আর আগের মতো চলছে না ---------- জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, প্রশাসনিক বাধার কারণে উপজেলা পরিষেদের নির্বাচিত প্রতিনিধিরা সঠিকভাবে কাজ করতে পারছে না। তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারছেন না। এরশাদ যেভাবে উপজেলা পদ্ধতি বাস্তবায়ন করেছিলেন এখন আর সেভাবে চলছে না উপজেলা পরিষদ। পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ বাস্তবায়ন করতে হবে। ‘উপজেলা দিবস’ উপলক্ষ্যে গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনের জাপা আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, রাষ্ট্রধর্মের সঙ্গে অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতার কোনো বিরোধ নেই। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আগামী নির্বাচনে জাপা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু  হোসেন বাবলা বলেন, বাংলাদেশের একজন মুসলমানের শরীরে একবিন্দু রক্ত থাকতে কেউ রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করতে পারবে না। আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জাপার কো-চেয়ারম্যান সালমা ইসলাম; প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ।