ফিলিপাইনের নিউজ সাইট র্যাপলারের প্রধান গ্রেপ্তার

বিবিসি

ফিলিপাইন সরকারের সমালোচক নিউজ ওয়েবসাইট র্যাপলারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মারিয়া রেসাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। রাজধানী ম্যানিলায় সাইটটির সদর দপ্তর থেকে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে প্রশাসনের সমালোচক সংবাদ সংগঠনগুলোর ওপর দমনপীড়ন নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে এ গ্রেপ্তারের ঘটনা ঘটল।

র্যাপলারের সাংবাদিকরা ঘটনাটি ফেসবুক এবং টুইটারে সরাসরি প্রচার করেছেন। এতে দেখা গেছে, দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) সাইবারক্রাইম ইউনিটের কর্মকর্তারা রেসাকে গ্রেপ্তারের সময় তার সঙ্গে কথা বলছেন। এনবিআই ফিলিপাইনের বিচার বিভাগের অধীনস্থ একটি সরকারি সংস্থা। সাংবাদিকরা ঘটনার ছবি এবং ভিডিও নেওয়ার সময় এনবিআই কর্মকর্তারা তাদেরকে বাধাও দেন বলে শোনা গেছে। রেসাকে র্যাপলারের কার্যালয় থেকে তারাই ধরে নিয়ে যান বলে পরে এক টুইটে জানিয়েছেন র্যাপলারের নিউজ এডিটর মিরিয়াম গ্রেস গো। রেসার বিরুদ্ধে ‘অনলাইনে পরনিন্দা’র অভিযোগ করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে ছিল আরও নানা অভিযোগ। রেসা একে নিউজ সাইটটির প্রকাশনা বন্ধ করার জন্য প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে সরকারের চেষ্টা বলেই মন্তব্য করেছেন।

প্রেসিডেন্ট দুতের্তের মতে, রেসার এ ওয়েবসাইটটি ‘ভুয়া নিউজ সাইট’। রেসার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত-এমন অভিযোগ এর আগে অস্বীকারও করেছেন তিনি। র্যাপলার নিউজ সাইটের অনুসন্ধানী সাংবাদিকতার প্রধান বলেছেন, মারিয়া রেসাকে যাতে জেলে কাটাতে না হয় সে চেষ্টাই এখন তারা করছেন। তিনি বলেন, “রেসা আপাতত এনবিআই-তে আছেন। তিনি শিগগিরই জামিনের আবেদন করতে পারবেন বলে আমরা আশা করছি।”