ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর উত্তরায় সিগারেটের আগুন থেকে কাঁকড়ার ঝুড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি বালু ভর্তি ট্রাকসহ প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় সোনারগাঁও জনপথ সড়কের ট্রাকস্ট্যান্ড সংলগ্ন রূপায়ন গেটের দক্ষিণ পাশে স্তূপ করে রাখা কাঁকড়ার ঝুড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, বালুর ট্রাকস্ট্যান্ড সংলগ্ন রূপায়ন গেটের দক্ষিণ পাশে রাস্তার পাশে ফেলে রাখা বিপুলপরিমাণ কাঁকড়ার ঝুড়িতে হঠাত্ করে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান এজেন্সি মালিক সমিতির উত্তরা-তুরাগের সভাপতি হাজী মোঃ আবুল হাসেম মাতাব্বর জানান, সিগারেটের ফেলে দেয়া আগুন থেকে কাঁকড়ার ঝুড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় তার নিজের একটি ট্রাকসহ দুটি ট্রাক আগুনে ক্ষতিগ্রস্ত হয়।