কাজী হায়াত্ ও মাজহারুল ইসলাম পুরস্কৃত

 বিনোদন রিপোর্ট

 

প্রতিবছরের মতো এবারো প্রদান করা হচ্ছে ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২১। রাবেয়া খাতুন প্রবর্তিত এই পুরস্কার এ বছর পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজী হায়াত্ এবং চলচ্চিত্র সাংবাদিকতায় অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম। আগামীকাল চ্যানেল আই কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্ট-এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে এই পুরস্কার প্রদান করা হয়। ফজলুল হক স্মৃতি কমিটির সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম জানান, অনুষ্ঠানে গুণী এই ব্যক্তিত্বদের ক্রেস্ট, সম্মাননা পত্র ও অর্থমূল্য তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন চলচ্চিত্রের এই গুণী মানুষটিকে শ্রদ্ধা জানাতে তাদের একটি মূল মিলনায়তনের নামকরণ করেছে ‘ফজলুল হক স্মৃতি মিলনায়তন’। চলচ্চিত্র ও গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের জন্য সৈয়দ সালাউদ্দিন জাকীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে ‘ফজলুল হক ইনস্টিটিউট অব মিডিয়া স্টাডিজ’ নামে একটি প্রতিষ্ঠান।