বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশীয় রাষ্ট্রদূতের বৈঠক

রপ্তানি বাড়াতে হবে পিটিএ স্বাক্ষর

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া উভয় দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি করতে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ। তিনি বলেন, ভিসা ইস্যুর ক্ষেত্রে কিছু জটিলতা আছে, সেগুলো নিরসনে উদ্যোগ নেওয়া হবে।

গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা সোমারনো’র সাথে মতবিনিময়ের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্য, ওষুধ এবং তৈরি পোশাকসহ অনেক পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশে বিদ্যুত্ উত্পাদন খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইন্দোনেশিয়ার পর্যটকরা বাংলাদেশে আসতে চায়। এজন্য ভিসা জটিলতা নিরসন করা প্রয়োজন। এজন্য উভয় দেশ আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ-২) মোঃ বদরুল আহসান বাবুল উপস্থিত ছিলেন।