আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা কারাগারে

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চরখালীতে আওয়ামীলীগ নেতা মো. এমরান হোসেন খান রিপন ওপর হামলার ঘটনায় স্থানীয় যুবলীগ সভাপতি মো. দুলাল খানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ অক্টোবর) তাকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাণ্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস। 

গ্রেফতারকৃত দুলাল খান চরখালী গ্রামের মৃত আব্দুস সোবাহান খানের পুত্র। 

ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, দুলাল খান এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি একাধীকবার ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার হয়ে ছিলেন। সম্প্রতি ভাণ্ডারিয়া থানায় এক মাদক (ইয়াবা) মামলায় উখিয়ার ইসমাঈল নামের আরেক মাদক ব্যবসায়ীসহ দুলাল খান গ্রেফতার হয়ে জেলহাজতে ছিলেন। তিনি কয়েকদিন আগে জামিনে বেরিয়ে এসে গতকাল শনিবার রাতে আওয়ামীলীগ ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক এমরান হোসেন খান রিপনের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় রিপন খান বাদি হয়ে চার জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করলে দুলাল খানকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে রবিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি তালুকদার এমরান হোসেন জানান, শনিবার চরখালী বিসমিল্লাহ চত্বরের বায়তুল আনোয়ার জামে মসজিদে এশার নামাজ শেষে স্থানীয় ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা রিপন খান নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসার সময় যুবলীগ নেতা দুলাল খান সংঙ্গীয় লোক নিয়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। এসময় স্থানীয়রা আহত রিপনকে উদ্ধার করে ভাণ্ডারিয়া হাসপাতালে ভর্তি করেন। 

ইত্তেফাক/ইআ