রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
আগামী ১১নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে রাণীনগর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের ১৯বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। জানা গেছে, ১ নম্বর খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগ নেতা মরহুম গোলাম মোস্তফার স্ত্রী চন্দনা সারমিন রুমকি। এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজমুল হক। ২ নম্বর কাশিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর। ৩ নম্বর গোনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল খালেক। এ পদে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আরিফ রাঙ্গা, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু শায়েম এবং আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান।
৪ নম্বর পারইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. নূরে আলম সিদ্দিকী দুলাল। এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মজিবর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুজিত চন্দ্র সাহা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ৫নম্বর বড়গাছা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বড়গাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার। বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মহসিন মল্লিক। ৬ নম্বর কালীগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র সরকার। এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মণ্ডল এবং সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল ওহাব চাঁন।
এ ছাড়া ৭ নম্বর একডালা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহজাহান আলী। এ পদে বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য আজিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মজিদ আকন্দ, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু এবং সাবেক চেয়ারম্যান আফজাল হোসেনের মেয়ে শাহিনুর রহমান শাহি। ৮ নম্বর মিরাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান। এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান রফিকুল আলম এবং ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ফখরুল হাসান। এছাড়া জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. আনোয়ার হোসেন হেলাল বলেন, দলীয় নির্দেশনা উপেক্ষা করে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রেজাউল ইসলাম জানান, ২৬ অক্টোবর দাখিলকৃত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২ নম্বর কাশিমপুর ইউনিয়নে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে।