বিশেষ প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাস-জঙ্গিবাদ দক্ষতার সঙ্গে দমন করে বাংলাদেশকে বিশ্বে একটা নির্ভরযোগ্য অবস্থানে নিয়ে গেছে পুলিশ। এখন পুলিশের নতুন চ্যালেঞ্জ মাদক। গতকাল বুধবার রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদকের জন্য জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কাজ করছে সরকার। সারাদেশকে মাদকমুক্ত করতে চেষ্টা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী পুলিশের প্রতি সংবেদনশীল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাস ও মাদক দমনে ডিএমপি সদস্যরা নিরলসভাবে কাজ করছে। যা দেশ-বিদেশে প্রশংসিত। সরকারের গত দুই মেয়াদে ৮২ হাজার ৩১ জন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশকে আধুনিকীকরণ ও উন্নয়নের ধারা চলমান রয়েছে। পুলিশ যদি নিরাপত্তার দায়িত্ব না নেয় তাহলে উন্নয়ন মুখ থুবড়ে পড়বে- এমন ভাবনায় প্রধানমন্ত্রী পুলিশকে যথেষ্ট অগ্রাধিকার দেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে পুলিশ জনবান্ধবে রূপান্তরিত হয়েছে। ১০-১৫ বছর আগের আর এখনকার পুলিশ এক নয়। পুলিশ আস্থার প্রতীক হিসেবে মানুষের বিশ্বাসের জায়গা দখল করেছে।