গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় মাদক মামলায় শাহানাজ বেগম রুমি নামের এক নারীর যাবজ্জীবন ও রুবেল মিয়া নামের এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। রবিবার গাইবান্ধা জেলা দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাহানাজ বেগম সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্জিবাড়ি গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী ও রুবেল মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার গ্রামের মফিজল হকের ছেলে। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালের ২ এপ্রিল পৌর শহর থেকে ৮০ গ্রাম হেরোইন ও ৪০০ পিস ইয়াবাসহ তাদের গাইবান্ধা শহরের শনি মন্দির রোড থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। দীর্ঘ শুনানির পর এই রায় দেন বিচারক। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল না।