এই সময়ের ছড়া
মাশহুদা মাধবী
পাড়ার পথে আপন মনে হাঁটছে অনীল একা
আলী গিয়ে মুচকি হাসে, আবার হলো দেখা।
দুজন বসে কাছের মাঠে গল্পস্বল্প করে,
গল্প শেষে আনন্দতে মনটা ওঠে ভরে।
উমা পাঠায় পুজোর নাড়ু কাঁসার বাটি ভরে
আয়েশাও ঈদের সেমাই পাঠায় ওদের ঘরে।
জনের ড্যাডি, মাম্মি আসেন বিকেলে চা খেতে
রাব্বি গিয়ে ছবি তোলে ওদের সর্ষেখেতে।
শ্রদ্ধা-স্নেহ-সম্প্রীতি-সহানুভূতির মায়া
এভাবেই সারা জীবন দিচ্ছে শীতল ছায়া।
জন-রাব্বি-আয়েশা-উমা-অনীল-আলীর কাছে,
দেশ ও দশের সবারই তো অনেকটা ঋণ আছে।