ইত্তেফাক রিপোর্ট
মা-ইলিশ সংরক্ষণ অভিযান শতভাগ সফল করতে নতুন নতুন সৃজনশীল কর্মপন্থা নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, এক্ষেত্রে মত্স্যজীবী বিভিন্ন সংগঠনের ভূমিকা আরো বেশি কীভাবে রাখা যায়, সেজন্য নীতি নির্ধারণ করতে হবে।
গতকাল রবিবার রাজধানীর মত্স্য ভবনে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ বাস্তবায়ন সংক্রান্ত মূল্যায়ন এবং ভবিষ্যত্ করণীয়-বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার ইলিশের উত্পাদন বৃদ্ধি পেয়েছে। আমরা চাইব আগামীদিনে ইলিশ উত্পাদন আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, ইলিশের উত্পাদন এমন একটা জায়গায় আসুক যাতে গ্রাম-গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলের সব মানুষ সুস্বাদু ইলিশের স্বাদ নিতে পারেন। বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপকহারে যাতে ইলিশ রপ্তানি না হয় সে পদক্ষেপও আমরা নিয়েছি বলে জানান তিনি।