অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলার আবেদন প্রত্যাহার

চট্টগ্রাম অফিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আবেদন আদালত থেকে প্রত্যাহার করে নিয়েছে সাবেক যুবলীগ নেতা নাজিম উদ্দিন সুজন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে নিবন্ধ লেখার অভিযোগ এনে গত বৃহস্পতিবার মামলার আরজি জমা দিয়েছিলেন আদালতে। গতকাল রবিবার বাদী চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মো. রেজার আদালতে আরজি প্রত্যাহারের আবেদন করেন। আদালত মামলার আরজি ফেরত দেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, মামলার আরজি ত্রুটিপূর্ণ তথ্য চিহ্নিত করে আদালত সেটি রেখে দেন। নির্ভুল আরজি জমা দেওয়া সাপেক্ষে গতকাল রবিবার মামলা গ্রহণের শুনানির সময় নির্ধারণ করেছিলেন। বাদী নতুন করে কোনো আরজি জমা দেননি। দাখিল করা আরজি ফেরত দেওয়ার আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করেন।’ উল্লেখ্য, আরজিতে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ছাড়াও আরো দুই জনকে অভিযুক্ত করা হয়েছিল।