লিটন ও লাহিরু কুমারার মধ্যে লেগে গেল ...

স্পোর্টস রিপোর্টার

শারজায় বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে দুই দলের দুই ক্রিকেটার মাথা গরম করে সবার নজরে চলে এলেন। লিটন দাস ও লাহিরু কুমারার মধ্যেও লেগে গেল। শারজার এই ঘটনা টিবির পর্দায় ভেসে উঠল। দুই দলের দুই ক্রিকেটার তীব্র বাগিবতণ্ডায় জড়িয়ে পড়লেন।  সেই সময় শ্রীলঙ্কার অন্য ক্রিকেটার মাঝে এসে দুজনকে নিয়ে না থামালে আরো বড় ঝামেলা ঘটে যেতে পারত।

ষষ্ঠ ওভারের পঞ্চম বলে কুমারার বলেই ক্যাচ দিয়ে ১৬ বলে ১৬ রানে আউট হন লিটন। মিড অফে শনাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের ওপেনার। লিটন সাজঘরে ফিরে যাওয়ার সময় তার উদ্দেশে মন্তব্য করেন কুমারা। বিন্দুমাত্র অপেক্ষা না করে শ্রীলঙ্কার জোরে বোলারের দিকে ব্যাট উঁচিয়ে পালটা দিতে শুরু করেন লিটন। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের জন্য কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি আরো গরম হয়ে যায়।

বাংলাদেশের অন্য ওপেনার নাঈম ও শ্রীলঙ্কার অন্য ক্রিকেটার এসে আলাদা করেন দুজনকে। এগিয়ে আসেন আম্পায়াররাও। লিটন এবং কুমারাকে ধাক্কাধাক্কি করতেও দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের কোচ ডমিঙ্গোকে মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা যায়। লিটন ব্যাট করার সময় কুমারার একটি ডেলিভারিতে ড্রাইভ করলে সেটা ফিরে আসে শ্রীলঙ্কার বোলারের হাতেই। সঙ্গে সঙ্গে সেই বল লিটনের দিকে ছুঁড়ে দিয়েছিলেন তিনি। লিটনের গায়ে অবশ্য বল লাগেনি। তবে ক্রিকেট পন্ডিতদের মতে সেই ঘটনার জন্য মাথা গরম করে কুমারার দিকে তেড়ে গিয়েছিলেন লিটন। দুই ক্রিকেটারকে ম্যাচ রেফারি ভারতীয় সাবেক বোলার জাভাগল শ্রীনাথ কী শাস্তি দেন সেটাই দেখার।