আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট ভ্যালি স্টেট বিশ্ববিদ্যালয়ের পাশে ঐ হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, শনিবার হঠাত্ করেই হামলা চালায় ঐ অস্ত্রধারী। এলোপাতাড়ি গুলিতে আট জন আহত হন। এদের মধ্যে গুলিবিব্ধ হয়ে একজন মারা যান। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ঐ ব্যক্তি ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী নন। আর আহত সাত জনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কে বা কারা হামলা চালিয়েছে তার অনুসন্ধান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এদিকে হামলায় নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসের কার্যক্রম আপতত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। -নিউ ইয়র্ক টাইমস